মাদকসেবনের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক এ দণ্ডাদেশ দেন। পরে আলী আহম্মদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। ইউএনও দণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় রূপগঞ্জের মাঝিনা এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় আলী আহম্মদকে আটক করে রূপগঞ্জ থানা-পুলিশ। বুধবার তাঁর ডোপ টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। এরপর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহম্মদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। বুধবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।