বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

পূর্বাচল ৩০০ ফুট সড়কে দুবাই ফেরত দুই প্রবাসীকে জিম্মি করে ৪৬ লাখ টাকার মালামাল লুট, গাড়িচালকসহ তিনজন গ্রেপ্তার

বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফুট সড়কে অস্ত্রের মুখে দুই প্রবাসীকে জিম্মি করে ডাকাতি হয়েছে; পুলিশ চালক শাহীনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসফেরত দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, তাঁদের কাছ থেকে ১৮ ভরি সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, ল্যাপটপ ও ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট হয়েছে। বুধবার ভোররাত তিনটার দিকে সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রবাসীদের বহনকারী ব্যক্তিগত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জের চরপাড়া এলাকার গাড়িচালক শাহীন, তাঁর ভাই সোহেল এবং একই এলাকার আইয়ুব। পুলিশ তাঁদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি সোনার গয়নাসহ কিছু মালামাল উদ্ধারের কথা জানিয়েছে।

ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ও তাঁর বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেট কারে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ভোররাত তিনটার দিকে গাড়িটি সমু মার্কেট এলাকায় পৌঁছালে চালক কৌশলে আরেকটি প্রাইভেট কার দিয়ে তাঁদের গাড়ির গতিরোধ করতে সহায়তা করেন বলে জামালের অভিযোগ।

জামাল হোসেনের ভাষ্য, গাড়ি থামতেই কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করেন। দুবাই থেকে আনা সোনার গয়না, মুঠোফোন, ল্যাপটপ ও ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়। এরপর দুই প্রবাসীর হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে ঢাকা-বাইপাস সড়কের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে যায় ডাকাতেরা।

পুলিশ ও ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী, পরে চালক শাহীন নিজেকে বাঁচাতে কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ডাকাতির খবর জানান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। এ সময় লুট হওয়া মালামাল নিয়ে পালানোর চেষ্টাকালে শাহীন, তাঁর ভাই সোহেল ও আইয়ুবকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার পূর্বাচল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হারুনুর রশিদ বলেন, পুলিশ লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। বাকি মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজন অভিযুক্ত মাত্র; মামলার তদন্ত চলছে।