← Back

রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

‘১২ মাস, ২৪ সংস্কার’ শীর্ষক ইশতেহারে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত নির্বাচন, আবাসন সংকট সমাধানসহ নানা প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ‘১২ মাস, ২৪ সংস্কার’ শীর্ষক এ ইশতেহারে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী রাকসু নির্বাচন আয়োজন, ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়া, আবাসন ও খাদ্য সংকট নিরসনসহ শিক্ষার্থীদের নানা দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। এ সময় সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী সালমান সাব্বিরসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

‘১২ মাস, ২৪ সংস্কার’ শীর্ষক এ ইশতেহারে রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা, ফ্যাসিবাদী কাঠামো ও সংস্কৃতি ভেঙে দেওয়া, গেস্টরুম-গণরুম কালচারের পুনরুত্থান রোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আবাসন সমস্যার সমাধানে প্রস্তাবনা হিসেবে প্রথম বর্ষ থেকেই প্রতিটি শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। তাৎক্ষণিক সমাধান হিসেবে বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতা চালুর প্রস্তাব দেওয়া হয়। আর স্থায়ী সমাধান হিসেবে নতুন হল নির্মাণের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণেও ইশতেহারে বিশেষ পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—হল ও ক্যাফেটেরিয়ায় পুষ্টিবিদের তত্ত্বাবধানে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা, প্রতি তিন মাস অন্তর খাদ্যের মান পরীক্ষা এবং আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘মিল ভাউচার’ চালু।

এছাড়া নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি ও নানা সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়নের অঙ্গীকারও ইশতেহারে উল্লেখ করা হয়।

প্যানেলের নেতারা সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচিত হলে শিক্ষার্থীদের স্বার্থেই প্রতিশ্রুত ২৪ দফা সংস্কার বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করা হবে।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন