জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিনিধি দলের আগমনের খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকেই বিমানবন্দরে জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সময়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের সহযোগী সংগঠনগুলোর কর্মীরাও স্বাগত জানাতে সেখানে অবস্থান নেন। ফলে টার্মিনাল এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় এবং পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়।
উত্তেজনা চরমে ওঠে যখন আখতার হোসেন ও তাসনিম জারা টার্মিনাল থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন কর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে একাধিক ডিম ছুড়ে মারেন এবং তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করা হয়।
সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রবাসী রাজনৈতিক কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আল-জাজিরার বাংলাদেশ প্রতিনিধি জুলকারনাইন সায়ের সামি এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ফ্লাইটে অতিথিদের সঙ্গে ছবি তুলে প্রচার করা হলেও ল্যান্ড করার পর তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। অতিথিদের এমন অরক্ষিত অবস্থায় ফেলা লজ্জাজনক।”
গ্রেপ্তার
ঘটনার পরপরই নিউইয়র্ক পুলিশ অভিযান চালিয়ে জ্যাকসন হাইটস এলাকা থেকে মিজান চৌধুরী নামে একজনকে আটক করে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং কুষ্টিয়া জেলা সমিতি-ইউএসএ’র সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান।
প্রসঙ্গত
ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।